প্রকাশ্যে রিকশাযাত্রীর পথ রোধ করে ছুরিকাঘাতে সর্বস্ব ছিনতাই

প্রকাশ্যে রিকশাযাত্রীর পথ রোধ করে ছুরিকাঘাতে সর্বস্ব ছিনতাই

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেনে প্রকাশ্যে এক রিকশাযাত্রীর পথ রোধ করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দুই সদস্যের একটি ছিনতাইকারী চক্র এ অঘটন ঘটায়। শনিবার দিনের বেলায় পাশের একটি ভবন থেকে ধারণ করা সিসিটিভি বা ধারণকৃত ভিডিওচিত্র সূত্রে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও চিত্র হাতে পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ভিডিও চিত্রে দেখা যায়, পাথরঘাটার সতীশ বাবু লেনের সড়কে একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি ওই যাত্রীকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজনের হাতে ছিল ধারালো ছুরি, যা দেখিয়ে যাত্রীকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল। অন্যজন যাত্রীর সঙ্গে থাকা নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে ওই রিকশাযাত্রী বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় যাত্রী নিস্তেজ হয়ে পড়লে দুজনে মিলে তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, সতীশ বাবু লেনটি কোতোয়ালি থানার ঠিক পেছনের সড়ক হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ সড়ক দিয়ে কর্মজীবী নারী-পুরুষের যাতায়াত সবচেয়ে বেশি থাকে। এই সময়কে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে অটোরিকশায় করে আসা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র বেশ কিছুদিন ধরে এখানে সক্রিয় রয়েছে। ভোরের দিকে পথচারীরা একাধিকবার ছিনতাইয়ের শিকার হলেও ঝামেলা এড়াতে অনেকেই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন না। ফলে একই চক্র বারবার এসব অপরাধ সংঘটিত করছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসা ভিডিওতে দেখা যাওয়া দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

তাদের মতে, তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে এলাকাটিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ছিনতাই ঘটনার রহস্য উন্মোচন হবে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জাহেদ নূর বলেন, ঘটনার একটি ভিডিওচিত্র পুলিশের হাতে এসেছে। সংশ্লিষ্ট এলাকায় মোবাইল টিমের টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি ভিডিওতে দৃশ্যমান দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি, তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে চট্টগ্রাম নগর পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ওই দুই ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন