সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা

ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপে প্রতিমা উপস্থাপন দুঃখজনক

ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপে প্রতিমা উপস্থাপন দুঃখজনক

ভারতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। তবে, একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এই কাজ করেছেন তারা ভালো করেন নাই। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়।

এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না, তা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছে খোঁজ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে।

এবছর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বৃহৎ এই উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি।

উপদেষ্টা আরো বলেন, দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মাদরাসা শিক্ষার্থী অনেকেই প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন