রাব্বির উচ্চশিক্ষার দায়িত্ব নিল এসবিএস

দুই হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫

দুই হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫

দুর্ঘটনায় দুই হাত হারিয়েও পড়াশোনা ছাড়েনি সীতাকুণ্ডের ভাটিয়ারীর তরুণ মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি। প্রথমে মুখে কলম ধরে, পরে পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে লেখার অভ্যাস করে সে। এভাবে পা দিয়ে লিখেই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে রাব্বি। এবার তার উচ্চশিক্ষার ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠন এসবিএস অ্যাসোসিয়েশন।

রোববার সন্ধ্যায় ভাটিয়ারী ইউনিয়নের জালিল গেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে রাব্বিকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় এসবিএস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাব্বি দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে ভর্তি প্রস্তুতির কোচিং থেকে শুরু করে স্নাতক সম্পন্ন করা পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাব্যয় বহন করবে সংগঠনটি। সোনাইছড়ি, ভাটিয়ারী ও সমিতি ইউনিয়নের শিক্ষার্থীরা সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন।

২০১৬ সালের ৫ অক্টোবর পঞ্চম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ফুটওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাব্বি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার দুই হাত কেটে ফেলতে হয়।

এরপরও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। প্রথমে মুখে কলম ধরে লিখত। অষ্টম শ্রেণি পর্যন্ত এভাবে লেখার পর পায়ের আঙুলের ফাঁকে কলম ধরে লেখার কৌশল আয়ত্ত করে। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে পা দিয়ে লেখায় অভ্যস্ত হয়ে ওঠে রাব্বি।

২০২৪ সালে ভাটিয়ারীর হাজী তোবারক আলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় সে। পরে ভর্তি হয় চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে।

বিভিন্ন সময়ে রাব্বির পড়াশোনায় সহযোগিতা করেছেন শিক্ষক ও শিক্ষানুরাগীরা। গবেষক ও চিকিৎসক ফেরদৌসী কাদরী তার শিক্ষার ব্যয়ে সহায়তা করেছেন বলে জানা গেছে। শিক্ষক ওসমানও বিনা পারিশ্রমিকে তাকে পড়িয়েছেন। পরিবারের সমর্থন ও এসব সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গেছে সে।

রাব্বির স্বপ্ন বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে বিজ্ঞানী হওয়া। পাশাপাশি সরকারি চাকরি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চায় সে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন