ছয় বছর আগে যুবক গুম

বাঁশখালীর সাবেক এমপির ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বাঁশখালীর সাবেক এমপির ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তৌহিদুর রহমান সুমন নামে এক যুবক ছয় বছর আগে গুম হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে বাঁশখালীর নাপোড়া এলাকার সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের ছোট ভাই মো. তারেকুর রহমান তারেক, মো. জাহাঙ্গীর মুন্সি এবং জাহাঙ্গীর নামে তিনজনকে। এছাড়া আরো চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলাটি করেন সুমনের ভাই মাহবুবুর রহমান। চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এসএম আলাউদ্দীনের আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

মামলার আবেদনে বলা হয়, ২০১৮ সালের ৩০ জুন চকবাজার ডিসি রোড এলাকা থেকে নিখোঁজ হন উদ্যোক্তা ও শেয়ারবাজারের ব্যবসায়ী সুমন। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের বিভিন্ন পদে ছিলেন এবং পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ডিসি রোডের মোনাফের কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন।

নিখোঁজের পরদিন পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে অভিযুক্ত তারেকের নাম বাদ দিয়ে পুলিশ জিডি নেয়। বরং সুমনকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। ওই সময়কার ওসি আবুল কালামের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগও ওঠে। হাইকোর্টের নির্দেশের পরও তিনি মামলা নেননি।

পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত গুম। নিখোঁজের কয়েকদিন আগে থেকেই সুমন রাজনৈতিক প্রতিপক্ষের ঘনিষ্ঠ কয়েকজন প্রভাবশালীর কাছ থেকে হুমকি পাচ্ছিলেন।

মামলায় আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংগঠনটির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন