শাহজাহান চৌধুরী এমপি

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, “উন্নয়নের নামে অর্থ লুটপাটের দিন শেষ। জনগণের ট্যাক্সের টাকা আর দুর্নীতিবাজদের পকেটে যাবে না। প্রকৃত অর্থেই এখন এলাকার উন্নয়ন হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতেই আমরা কাজ করছি।”

বুধবার সকালে লোহাগাড়া উপজেলার প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত মজিদের পাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা নির্বাচিত হয়েছি মাত্র তিন মাস। এই অল্প সময়ের মধ্যেই সাতকানিয়া-লোহাগাড়ায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত সড়ক, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”

এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা সেই আস্থার মর্যাদা দিতে চাই। উন্নয়ন যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষ তার সুফল ভোগ করতে পারে— সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সাতকানিয়া-লোহাগাড়ার প্রতিটি গ্রামকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।”

তিনি বলেন, “আগে উন্নয়ন প্রকল্প মানেই ছিল অনিয়ম, নিম্নমানের কাজ আর কমিশন বাণিজ্য। এখন থেকে জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। কোনো ঠিকাদার বা কর্মকর্তা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আবদুচ্ছ সালাম, লোহাগাড়া ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, কলাউজান ইউনিয়ন আমির ডা. সিদ্দীক আহমদ, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে এলাকাবাসী নবনির্মিত সড়কের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন