লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিক দল নেতা রাজু হোসেনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ।

বিজ্ঞাপন

নিহত রাজু হোসেন সদর উপজেলার চররুহিতার ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও ঐ এলাকার সবুজ মিয়ার ছেলে।

দুপুরে রাজু হোসেনের লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার রাতে সবুজের গোঁজা কাজল কোম্পানির ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সবুজের গোঁজা নামক এলাকায় কবির হোসেনের বাড়িতে রাজু হোসেন প্রবেশ করে। এসময় কবির হোসেনের অটোরিকশা চুরি করার অভিযোগ তুলে রাজুকে ধরে আটক করে গণপিটুনি দেয় কবির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা। রাতভর কয়েকদফা মারধর করা হয়। এক পর্যায়ে রাজু হোসেন গুরুতর আহত হয়ে পড়লে সকালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর রাজু হোসেন মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন হাতে তুলে নেয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন