বন্যাদুর্গত পেকুয়ায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে

উপজেলা প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে
ছবি: আমার দেশ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার সদর, মগনামা ও টইটং ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় যান। প্রথমে সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামার নন্দীরপাড়া ও বাজারপাড়া পরিদর্শন শেষে নন্দীরপাড়া স্টেশন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রী মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া ঘুরে দেখেন এবং পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নেওয়া ও পানিবন্দি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। দিনের শেষভাগে তিনি টইটং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মগনামা ও টইটংয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আপনাদের খোঁজখবর নিতে পাঠিয়েছেন। পেকুয়ার মানুষ সাহসী।

তারা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে জানে। আপনাদের প্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আগামী দু-এক দিনের মধ্যে পেকুয়া-চকরিয়া সফরে আসবেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মন্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুচ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...