বাকেরগঞ্জে ভয়াবহ নদীভাঙনে বিলীন সড়ক, আতঙ্কে গ্রামবাসী

বাকেরগঞ্জে ভয়াবহ নদীভাঙনে বিলীন সড়ক, আতঙ্কে গ্রামবাসী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে পাণ্ডব নদে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর অব্যাহত ভাঙনে ধসে পড়ছে তীরবর্তী গ্রামীণ পাকা সড়ক। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বসতভিটা হারানোর আশঙ্কা এলাকাবাসীর।

জানা গেছে, দক্ষিণ সাদিস গ্রামের প্রধান পাকা সড়কটির বড় একটি অংশ এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ গভীর ফাটল। যেকোনো মুহূর্তে সড়কের বাকি অংশও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কয়েক গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে নদীভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নদীর পাড় ভেঙে সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে মানুষকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয় পল্লিচিকিৎসক মাওলানা মনজুর রহমান বলেন, ‘প্রতিদিন নদীতে আমাদের গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। এই সড়ক বিলীন হয়ে গেলে দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রামের মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়িও থাকবে না।’

এদিকে এলাকা পরিদর্শনের পর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত ভাঙনকবলিত এলাকায় ব্লক ফেলে অথবা কার্যকর বাঁধ নির্মাণের মাধ্যমে সড়ক ও বসতবাড়ি রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে গুরুত্বপূর্ণ সড়কটি নদীতে বিলীন হয়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই জনদুর্ভোগ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান দক্ষিণ সাদিস গ্রামের বাসিন্দারা।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল জানান, এরই মধ্যে তিনি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙনকবলিত এলাকায় অর্থ বরাদ্দ দিয়ে ভাঙন রোধের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন