চট্টগ্রামের মিরসরাইয়ে একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট দিবাগত রাত ২টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন ফ্যাক্টরিতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় তারা ফ্যাক্টরিতে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের তিনটি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেন। মামলা নম্বর-৯। পরে পুলিশ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (৩২), মেহেদীনগর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), মৃত ওবাইদুল হকের ছেলে এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), পূর্ব হিঙ্গুলীর হারুন অর রশিদের ছেলে মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), মেহেদীনগর এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (২৬), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার হারুন অর রশিদের ছেলে মো. রাকিব (২১) এবং করেরহাট ইউনিয়নের আব্দুল মন্নানের ছেলে মিজান উদ্দিন (৩২)।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ডাকাতির ৩২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. ইউসুফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকি ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

