১০ বছর পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবার ঈদ করবেন মাতৃভূমি কক্সবাজারে। সর্বশেষ ২০১৪ সালে তিনি কক্সবাজারে ঈদ করেছিলেন।
তিনি এবারের ঈদের পুরোটা সময় কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় অবস্থান করবেন। সালাহউদ্দিন আহমদ রোববার বিকেল পৌনে ৫টায় কক্সবাজার পৌঁছাবেন।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে গুম হওয়ার পর দীর্ঘ ৯ বছর সালাহউদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এই সময়ে তিনি ভারতে অনুপ্রবেশের মিথ্যা মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেলেও নানা জটিলতায় দেশে ফিরতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্টে গণআন্দোলনের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন।
তার গ্রামের বাড়িতে ঈদ নিয়ে এলাকার মানুষের মাঝে উচ্ছাস দেখা গেছে। বিএনপির শীর্ষ এই নেতা ঈদের ছুটিতে চারদিন কক্সবাজার অবস্থান করবেন। তিনি আগামী ২ এপ্রিল বিকালে রাজধানীর উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
সালাহউদ্দিন আহমদের স্থানীয় প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার অবস্থানকালে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তিনি ঈদের দিন ও ঈদের পরদিন তার পেকুয়ার বাসভবনে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
ছফওয়ানের মতে, সালাহউদ্দিন আহমদের এবারের ঈদকে ঘিরে পরিবারে ও সাধারণ মানুষের মাঝে আলাদা আনন্দ ও উচ্ছাস দেখা দিয়েছে। তারা তাদের প্রিয় নেতাকে কাছে পাবেন এই আনন্দে উদ্বেলিত। বিএনপি নেতাকর্মীদের মাঝে আলাদা উদ্দীপনা ফিরে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

