আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথমবারেই বাজিমাত, সংসদে কুমিল্লার নতুন পাঁচ মুখ

এম হাসান, কুমিল্লা

প্রথমবারেই বাজিমাত, সংসদে কুমিল্লার নতুন পাঁচ মুখ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করে বাজিমাত করলেন কুমিল্লার পাঁচ নতুন মুখ। নির্বাচনে তারা বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে বিএনপি, একটি করে জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন প্রথমবারের মতো জাতীয় সংসদের টিকিট নিশ্চিত করেন। এদের মধ্যে তিনজন বিএনপির, একজন এনসিপির, অন্যজন স্বতন্ত্র। 

তারা হলেন—কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম । 

বিজ্ঞাপন

এদের মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট থেকে শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন থেকে তিনগুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। 

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা কুমিল্লাকে বিভাগ করার । তারা বলেন, আমরা কুমিল্লা বিভাগের অপেক্ষায় আছি। সংসদে গিয়ে নতুনরা কী ধরনের ভূমিকা রাখেন, সেটা আমরা দেখার অপেক্ষায় আছি।

কুমিল্লা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলব। আমার নির্বাচনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। 

কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী, সমর্থক বা তাদের বাড়িঘরে কোনো ধরনের আক্রমণ। হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ করা হয়নি। আমরা সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছি। যদি কেউ এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। শান্তি, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাই হোক আমাদের অঙ্গীকার। 

কুমিল্লা-৪ আসনে এনসিপি থেকে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বলেন, আমি ৮০ শতাংশ ভোট পেয়ে পাশ করেছি। যেই বিশ হাজার মানুষ আমাকে ভোট দেয়নি তাদের মন জয় করে দেবিদ্বারের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশে থাকব ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই, যেখানে আমার শত্রুর প্রতিও কেউ বেইনসাফি করতে পারবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন