কিছু দিনের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: মিন্টু

কিছু দিনের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: মিন্টু

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

রোববার নিজ নির্বাচনী এলাকা ফেনীর সোনাগাজীতে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ম্যানিফেস্টোতেই কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছে, যাতে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, “কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না গেলে আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শেষ করে কোথায় যাবে? কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে।”

এর আগে সকালে মন্ত্রী সোনাগাজী উপজেলার চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পরে বিকেলে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

বিকেলে জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুল ফ্লাইওভার ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

তিনি জানান, মুছাপুর রেগুলেটর প্রকল্পটি আগামী একনেকের সভায় উপস্থাপন করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।

এদিকে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) এবং সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিমসহ প্রশাসনের কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন