ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর কেতরাঙ্গা গ্রামের গুথুমা খাঁন বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাদ হোসেনের ছোট ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বক্সমাহমুদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রনির ভাতিজা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বোরবার বিকেলে নামাজ ও ঘরের কাজে সবাই ব্যস্ত থাকায় শিশুটি অসাবধানতাবশত বসতবাড়ির সামনের পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ ভৌমিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগে শিশুটির মৃত্যু হয়। মর্মান্তিক মৃত্যুতে শিক্ষক আজাদ হোসেনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।
রোববার রাতে উত্তর কেতরাঙ্গায় নিজ বাড়ির পুকুর পাড়ের পারিবারিক কবরস্থানে নিহত শিশু আশরাফুল ইসলামের লাশ দাফন করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

