‘আমার দেশ’- এ খবর প্রকাশ

কুমিল্লায় গোমতী পাড়ের সেই অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ

কুমিল্লায় গোমতী পাড়ের সেই অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ

কুমিল্লায় গোমতী নদীর পাড়ে অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে দুদিনের মধ্যে সকল দোকানপাটের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

গত ১৩ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকায় "কফি শপের আড়ালে কুমিল্লায় জমজমাট মাদকের আড্ডা" শিরোনামে সংবাদপ্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। এরপর রোববার উচ্ছেদ অভিযান শুরু হয়। এদিন রাত দশটা পর্যন্ত চলে বিদ্যুৎ বিচ্ছিন্নের কাজ।

news

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বলেন, দৈনিক আমার দেশ ও প্রশাসনকে ধন্যবাদ জানাই এই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য। মাদকের কোন আস্তানা কুমিল্লায় রাখা যাবে না।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, দুদিনের মধ্যে অবৈধ দোকানপাট না সরালে আমরা ড্রেজার মেশিন দিয়ে সবকিছু ভেঙে দিবো। এজন্য আজকে আমরা অবৈধ দখলদারদের সতর্ক করলাম।

সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, দুদিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি দুদিন পর আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন