বিদ্যালয়ে প্রবেশের সময় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) কিংবা আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমেই নিমেষেই নিশ্চিত হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। আর হাজিরা দেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয় খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সে তথ্য পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইল ফোনে। একইভাবে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও কিংবা ছুটির পর বিদ্যালয় থেকে বের হলেও তাৎক্ষণিক বার্তা চলে যাচ্ছে অভিভাবকের কাছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ আট বছর ধরে সফলতা ও সুনামের সাথে চালু রয়েছে এমন আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা।
বিদ্যালয় কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথম শিক্ষকদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে শিক্ষার্থীদেরও এই আধুনিক ব্যবস্থার আওতায় আনা হয়। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনিক ও মাসিক উপস্থিতির যাবতীয় তথ্য নিখুঁতভাবে সংরক্ষণ করা হচ্ছে। ফলে সন্তানের স্কুলে আসা-যাওয়ার নিয়মিত তথ্য নিমিষেই জানতে পারছেন অভিভাবকেরা।
প্রতিদিন সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে হাজিরা সম্পন্ন করে। কেউ বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দেয়, আবার কেউ ডিজিটাল আইডি কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করে। ছুটির সময় একইভাবে প্রস্থান তথ্যও রেকর্ড করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন জানান, ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর পর থেকে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয় ফাঁকি দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে। এতে শিক্ষার্থীরা কখন বিদ্যালয়ে ঢুকছে আর কখন বের হচ্ছে— সে বিষয়ে অভিভাবকদের শতভাগ নজরদারি নিশ্চিত হয়েছে।
জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম জানান, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে বর্তমানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এবং ৩৭ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
তিনি বলেন, আগে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার একটি সুযোগ থাকত। কিন্তু ডিজিটাল হাজিরা চালু করার পর সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অভিভাবকেরাও এখন সন্তানদের বিষয়ে অনেক বেশি সচেতন ও আশ্বস্ত।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা এই ডিজিটাল হাজিরা পদ্ধতির সুবাদে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার যেমন কমেছে, তেমনি তাদের নিয়মিত উপস্থিতির হারও সন্তোষজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


