পানি নিষ্কাশনের পথ বন্ধ, পটিয়ায় পানিবন্দি ২০০ পরিবার

পানি নিষ্কাশনের পথ বন্ধ, পটিয়ায় পানিবন্দি ২০০ পরিবার
পানি নিষ্কাশনের পথ বন্ধ, পটিয়ায় পানিবন্দি ২০০ পরিবার। ছবি: আমার দেশ

পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায়, চট্টগ্রামের পটিয়ায় বর্ষার পানি নিষ্কাশন হতে না পেরে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০০ পরিবার। উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়াসহ আশপাশের চার-পাঁচটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পুকুর ও চাষাবাদের জমি পানিতে তলিয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশে জমে আছে ডোবা পানি, অন্য পাশে চলছে আমন ধানের চাষ। কোথাও পানিতে তলিয়ে গেছে চাষাবাদের জমি ও পুকুর, আবার কোথাও চলছে ধান চাষ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়াসহ পাঁচটি গ্রামের পানি ত্রিমুখী সড়কের মঙ্গলের টেক এলাকা দিয়ে চলাচল করত। সেখান থেকে পানি মরা খাল হয়ে চাঁন্দখালী খালে গিয়ে পড়ত। সম্প্রতি মঙ্গলের টেক এলাকায় পানি চলাচলের পথটি কিছু প্রভাবশালী মহল সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বর্ষার পানি নিষ্কাশন হতে না পেরে উত্তর হাইদগাঁও ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বিশাল অংশ পানিতে তলিয়ে আছে। পানি জমে থাকায়, স্থানীয়রা চাষাবাদ করতে পারছেন না। এছাড়া বেশ কয়েকটি পুকুর তলিয়ে যাওয়ায়, মাছ চাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায়, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আরিফ উল্লাহ বলেন, বর্ষার অতিরিক্ত পানি আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেমে গেলেও কাজীপাড়া এলাকার পানি এখনো নামেনি। এর অন্যতম কারণ হলোÑ ৭ নম্বর ওয়ার্ডের মঙ্গলের টেক এলাকায় পানি চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। পানি জমে থাকায়, এখনো প্রায় ২০০ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের চলাচলেও ব্যাঘাত ঘটছে। তিনি এ বিষয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন