নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, সোমবার ১১দিকে ভাটিয়ারী সাগর উপকূলে একটি ইঞ্জিন চালিত বোট থেকে রোহিঙ্গাদের নামতে দেখেন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করলে তারা নোয়াখালীর ভাসান চর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। এলাকাবাসী তাদের ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরবর্তীতে সীতাকুণ্ড থানার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের পুলিশের জিম্মায় নিয়ে যায়।
এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নারী ও পুরুষ জানান, সরকার নোয়াখালীর ভাসান চরে তাদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তারা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তারা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ হাজার টাকার চুক্তিতে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর জানান, স্থানীয় এলাকাবাসী রোহিঙ্গাদের আটক করে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের এস আই বিল্লালসহ পুলিশ দিয়ে পুনরায় নোয়াখালীর ভাসান চরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

