আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আকরিদা জন্নাত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে। মেয়েটিকে লেখাপড়া করিয়ে বড় মানুষ করার স্বপ্ন ছিল পরিবারের। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই সেই স্বপ্ন ভেঙে যায়।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদ্রাসায় যায় আকরিদা জন্নাত। পরে বাড়িতে ফিরে দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপর রাখা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে সে অচেতন হয়ে পড়ে।

তার সঙ্গে থাকা ভাশুরের মেয়ে মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হারবাং আজিজনগর ১ম গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আইরিন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। পড়ালেখায় মনোযোগী এই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম। তিনি বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক দুর্ঘটনা।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের এসআই মোফাজ্জল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। পরিবারের দাবি অনুযায়ী এটি একটি দুর্ঘটনা হওয়ায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...