চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার দুপুরে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মেয়র উপস্থিত থেকে তিনি এই উপহার তুলে দেন। এবার চসিকের ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছে। এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাই নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের মূল চালিকাশক্তি। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার একটি মানবিক উদ্যোগ। একই সঙ্গে পরিচ্ছন্ন কর্মীদের জন্য সরকারি অর্থায়নে ৭টি ভবনে ১ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলাই চসিকের লক্ষ্য। এ জন্য পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে ময়লা পরিবহনে বর্জ্য ছড়িয়ে পড়া ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন