সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন করল এনসিপি

সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন করল এনসিপি

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা বর্জন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

বুধবার বেলা সাড়ে ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই এনসিপির সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম মাসুম জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও আহতদের অনুপস্থিতির অভিযোগ তুলে সভাস্থল ত্যাগ করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে, সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির শাহ আলম, সাতকানিয়া যুবদলের সদস্যসচিব নাজিম উদ্দিন, সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সভা বর্জনের বিষয়ে এনসিপির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম মাসুম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল ছাত্র-জনতা। অথচ আন্দোলনে আহতদের ছাড়াই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না। তাই আমি এ সভা বর্জন করেছি।’

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের মূল অনুষ্ঠান চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আন্দোলনে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আমাদের সাতকানিয়ায়ও দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এ আয়োজন করতে হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। সভা বর্জনের কোনো কারণ ছিল না।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন