চট্টগ্রামে জসিম উদ্দিন আহমদ এমপির হুঁশিয়ারি

কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না

কোনো সেক্টর থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না
বক্তব্য রাখছেন আলহাজ জসিম উদ্দিন আহমেদ এমপি। ছবি: আমার দেশ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ বলেছেন, উত্তর সাতকানিয়ার মানুষ অত্যন্ত নিরীহ ও অবহেলিত। অসহায় ও দরিদ্র মানুষের জীবিকার অন্যতম অবলম্বন কেরানিহাট। এখানে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, হকার ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জীবিকা নির্বাহ করেন। এসব মানুষের কাছ থেকে কোনোভাবেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাতে কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উচ্ছেদ অভিযান-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, কেরানিহাট দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। পর্যটন নগরী কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় প্রতিদিন এখানে বিপুলসংখ্যক যানবাহন ও মানুষের সমাগম ঘটে। অবৈধ স্থাপনা, ফুটপাত ও সড়ক দখলের কারণে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ী, পথচারী, যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, কেরানিহাটকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাণিজ্যকেন্দ্রে পরিণত করতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে প্রশাসন, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কামরুল হাসান তালুকদার, কেওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন হিরু, ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর, যুবদল নেতা সোলেমান বাবুল,ব্যবসায়ী নেতা মহিউদ্দিন, মোরশেদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা ফৌজুল কবির রুবেল ও বিএনপি নেতা মোস্তফা কামাল রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন সমিতি ও হকার নেতারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন