ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে ধর্মের নামে কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশে একটি উগ্র দক্ষিণপন্থি ধারা মাথাচাড়া দিয়ে উঠছে। এই প্রবণতা দেশের স্বার্থের পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে সংবর্ধনা দেয় উপজেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
জোনায়েদ সাকি বলেন, জাতিবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়েছি। এখন যদি ধর্মের নাম নিয়ে কেউ নতুন করে ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চায়, সেটিও আমরা প্রতিরোধ করব।’ তিনি জোর দিয়ে বলেন, ঐক্যই এ ক্ষেত্রে প্রধান শক্তি। ঐক্য বজায় থাকলে বাংলাদেশকে গণতান্ত্রিক, সার্বভৌম এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, এমন রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, যারা জনগণের আস্থা নিয়ে সামনে আসবে এবং যেকোনো অপশক্তিকে রুখে দিতে সক্ষম হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

