লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ উদ্দিন নামের (১০) চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত ওই শিশুকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মেহরাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয়নগর এলাকার মেজবা উদ্দিন ও সারমিন আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল হেরা একাডেমির চতুর্থ শ্রেণিতে পড়ত।
মেহরাজের মা সারমিন আক্তার কচুয়া বাজারের আল-হেরা ইসলামী একাডেমির শিক্ষিকা। চাকরির সুবাদে তিনি সন্তানকে নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার আওতাধীন। নিহত শিশুর লাশ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাটখিল থানার পুলিশের প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

