নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ২

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ২
নিহত সুমাইয়া আক্তার। ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুতগামী মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আক্তার (১৭) নামের এক মেধাবী কলেজছাত্রী নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় দুজন শিক্ষার্থী আহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে নবীনগর পৌরসভার আলীয়াবাদ বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের আমির হোসেনের মেয়ে। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় বসবাস করে।

আহতরা হলো নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ইভা ও মিথিলা। তারা উভয়েই নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা নিজ বাড়িতে নিরাপদে আছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সুমাইয়া একটি অটোরিকশায় চড়ে নিয়মিত ক্লাসের উদ্দেশ্যে কলেজে যাচ্ছিল। পথে আলীয়াবাদ বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রচণ্ড ধাক্কায় সুমাইয়া অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বজন ও সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

একজন উদীয়মান কলেজ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় মাতম চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন