আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটিয়ায় ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের পটিয়ায় ওয়েল্ডিংয়ের আগুনে পুড়েছে দুটি ওয়ার্কশপ। এতে ওয়ার্কশপের ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও একটি লেগুনা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। শনিবার ২১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টায় পটিয়া পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পটিয়া থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে উজ্জ্বল দাশের মালিকানাধীন ‘মা ইঞ্জিনিয়ারিং’-এ ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে উজ্জ্বল দাশের ‘মা ইঞ্জিনিয়ারিং’ এবং জুয়েলের ‘কুলসুমা ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপ পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী উজ্জ্বল দাশ জানান, আগুনে তার ওয়ার্কশপের ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও একটি লেগুনা পুড়ে প্রায় ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ‘কুলসুমা ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপের স্বত্বাধিকারী জুয়েল জানান, তার ওয়ার্কশপে কোনো গাড়ি না থাকলেও বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান। তবে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওয়েল্ডিংয়ের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...