চান্দিনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ৪

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

চান্দিনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ৪
ছবি: আমার দেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। চান্দিনার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দিবাগত ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে অভিযুক্ত ওই চারজনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায় তারা।

অভিযোগ রয়েছে, অপহরণের পর সারা রাত ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর স্বামী বিষয়টি আত্মীয়স্বজনদের জানিয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- মেহেদী হাসান তারেক (২৪), পিতা: আলমগীর, মো. আরিফ (৩৪), পিতা: আলমাছ মিয়া, মো. ইসমাইল (৩৭), পিতা: জয়নাল আবেদীন। এরা সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটককৃতদের চান্দিনা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন