কিশোর গ্যাং নেতার দাবি: ছাত্রদল নেতাই তাকে মিছিলে নিয়েছেন

কিশোর গ্যাং নেতার দাবি: ছাত্রদল নেতাই তাকে মিছিলে নিয়েছেন

‘ছাত্রদল নেতা মহসিন ফোন করে আমাকে মিছিলে নিয়েছেন। এখন নিজে বাঁচতে গিয়ে আমাকে ফাঁসাচ্ছেন।’—এমন অভিযোগ করেছেন কুমিল্লা নগরীর আলোচিত কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ইমরান রতন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কিশোর গ্যাংয়ের লিডার রতন দাবি করেন, বুধবার কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে তাকে ফোন করে নিয়ে যান কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন। তবে পরদিন সংবাদ সম্মেলনে মহসিন তাকে চেনেন না বলে দাবি করেন—এমন অভিযোগও করেন রতন।

ফেসবুক পোস্টে রতন লিখেছেন, ‘গত কিছুদিন ধরে মিডিয়াতে আমাকে নিয়ে প্রচুর সমালোচনা চলছে। বলা হচ্ছে আমি নাকি হঠাৎ করে ছাত্রদলের মিছিলে চলে গেছি। এখন দেখছি ছাত্রদল নেতা অ্যাডভোকেট মহসিন নিজের চামড়া বাঁচাতে গিয়ে আমাকে ফাঁসাচ্ছেন, বলছেন তিনি নাকি আমাকে চেনেনই না।’

রতনের দাবি, তিনি একা একা ওই মিছিলে যাননি। মহসিন তাকে ফোন করে সেখানে নিয়ে গেছেন। এ বিষয়ে তার কললিস্টে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

রতন আরো বলেন, ‘যদি আমি সব মিছিলেই থাকি, তাহলে অবশ্যই আমার পেছনে কোনো না কোনো নেতা আছে, যারা আমাকে ফোন করে নিয়ে যায়। কোনো নেতা ছাড়া তো আমি একা একা যাব না।’

বুধবার মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই দিন তিনি কোনো শোডাউন দেননি, শুধু ছাত্রদলের মিছিলে অংশ নিয়েছেন। এরপর তাকে নিয়েই কেন এত সমালোচনা হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

রতন অভিযোগ করেন, ‘আপনারাই ডেকে নিয়ে যাবেন, আর এখন কোনো সমস্যা হলে নিজেদের গা বাঁচাতে আমাকে ফাঁসিয়ে দেবেন—এটা কেমন বিচার?’

এদিকে রতনের এসব অভিযোগের বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের বক্তব্য জানতে চাইলে তিনি আমার দেশ-কে বলেন, রতন ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। প্রয়োজনে তাকে কললিস্ট দেওয়ার চ্যালেঞ্জও জানান মহসিন।

মহসিন বলেন, ‘সে (রতন) যে দাবি করেছে, তার প্রমাণ হিসেবে কললিস্ট দিতে বলুন।’

এর আগে সংবাদ সম্মেলনে মহসিন রতনকে চেনেন না বলে দাবি করেছিলেন। এ নিয়ে রতনের বক্তব্যের সঙ্গে মহসিনের বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান দেখা দিয়েছে।

রতনের দাবি অনুযায়ী, তাকে মিছিলে নেওয়ার জন্য মহসিন ফোন করেছিলেন। অন্যদিকে মহসিন এই দাবি অস্বীকার করে রতনের কাছে কললিস্টের প্রমাণ চেয়েছেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন