আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো. কামাল (৩৫), ওরফে “পিচ্চি কামাল” নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি প্যাট্রোল দল বৃহস্পতিবার ভোর রাত ২টা ১৫ মিনিটে সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইফানা। এ সময় একই ইউনিটের ক্যাপ্টেন সাব্বির, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ সংযোগ ফোর্স অংশ নেন।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে মো. কামালের বসতবাড়িতে আকস্মিক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঘরের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তল্লাশির পরিধি বাড়িয়ে বাড়ির বাইরে থেকে একটি শটগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মো. কামালকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পদুয়া এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি স্থানীয়ভাবে “পিচ্চি কামাল” নামে পরিচিত।

সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ জানান, আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ও অপরাধ দমন সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন