ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে জমায়েতের ঘোষণা

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে জমায়েতের ঘোষণা

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আগামী ১৩ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে জমায়েত শুরু করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। একই সঙ্গে ১৮ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) কুমিল্লা নগরীর রাজগন্জ এলাকায় কুবি শাখা ইনকিলাব মঞ্চের আয়োজন জুলাইয়ের বিজয়গাথা ও বাংলাদেশপন্থী সংস্কৃতির নবসূচনা অনুষ্ঠানে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদির বিচার করবে কি করবে না আগামী ডিসেম্বরের মধ্যে সরকারকে একটা ফয়সালায় আসতে হবে। সরকারকে বলতে হবে, আমি বিচার করব অথবা করব না। এর মাঝখানে প্যাঁচানো-ট্যাঁচানো কোনো ধরনের আলাপ আমরা শুনব না।’

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। হাদী ভাই কেন বলে গেছেন, আমাকে যদি মেরে ফেলা হয়, বিচারটা করবেন? তিনি নিজের জন্য এই বিচার চাননি। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য এই বিচার চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের রহস্য যদি আমরা উন্মোচন করতে না পারি, তাহলে দীর্ঘকাল এ দেশে বিভিন্ন সময়ে ডিপ স্টেট বা আরও অনেক কিছু দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হবে। এই মুখোশের মধ্যে সবসময় আমাদের ঘোরপাক খেতে হবে।’

হাদী হত্যার বিচার দাবিতে আন্দোলনের কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘১৩ ডিসেম্বর থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। ১৮ তারিখের মধ্যে সরকারকে এই বিচারের ব্যাপারে একটি ফয়সালা করতে হবে। ডিসেম্বরের মধ্যে ৬৪ জেলা সফর করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শুধু প্রতিদিন বলে গেলে আন্দোলন হয় না। আন্দোলনের জন্য একটি গোছানো পরিবেশ দরকার।’ এ সময় তিনি হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, কাশীদার লিড ভোকালিস্ট আহমেদ আতাউল্লাহ সালমান, ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ,সার্চ কমিটির কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও অ্যানালিস্ট ডা. মো. আরিফ মোর্শেদ খান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন