লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার গভীর রাতে রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান রাশেদ এবং উপজেলা যুবলীগের সদস্য মোরশেদুল আমিন বাবুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে রাশেদুল হাসান রাশেদ ও মোরশেদুল আমিন বাবু বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশ তাঁদের ওপর নজরদারি শুরু করে।
এরপর শনিবার গভীর রাতে রামগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই সন্ত্রাস ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে তাদের সংগঠিত হওয়ার তথ্য পাওয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের আটক করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

