আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষিকা রুনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ইবি

শিক্ষিকা রুনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

নিজ বিভাগে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান আসামি ফজলু বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই পুলিশি পাহারায় রাখা হয়েছে। অভিযুক্ত কর্মচারী ফজলু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তা জানান, যেহেতু হত্যা মামলা দায়ের হয়েছে, তাই আমরা আমাদের মতো কাজ শুরু করেছি। আপাতত প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেহেতু মামলার দুজন আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা এ ব্যাপারে আরেকটু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা করেন। মামলায় অপর তিন আসামি হচ্ছেন সাবেক কর্মচারী উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন