কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার (১৬ জুন) ৮ এপিবিএনের কনফারেন্স রুমে অধিনায়কের সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, সভায় গত মে মাসে ব্যাটালিয়নের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম, অপরাধ পরিস্থিতি এবং তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এফডিএমএন সদস্য এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ক্যাম্পের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযানসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, ব্যাটালিয়নের প্রতিটি সদস্যকে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।
সভায় ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

