রেলওয়ের যাত্রী সেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচালনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার সকালে রাজধানীর রেলভবনের কনফারেন্স কক্ষ–২১১ (পদ্মা)-এ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যাত্রী সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তা উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, রেলসেবার মান বাড়াতে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করাকে এখন রেলওয়ের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘রেলে যে আস্থা মানুষ রাখে, তা ধরে রাখতে হলে সেবা উন্নয়নেই সবচেয়ে বেশি জোর দিতে হবে। অপারেশন, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলে তা দ্রুত ঠিক করার ব্যবস্থা নিতে হবে।’
বাংলাদেশ রেলওয়ে অনবোর্ড ও ক্যাটারিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সুরুচি ফাস্টফুডের স্বত্বাধিকারী জনাব আব্দুর রাজ্জাক বলেন, আমরা মালিকপক্ষ ঐক্যবদ্ধভাবে মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো।
এস এ কর্পোরেশনের মালিক প্রতিনিধি জনাব মতিউর রহমান সম্রাট বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে রেলওয়ের কর্মকর্তারা সবসময় সঠিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করে আসছেন। তবে যাত্রী নিরাপত্তা নিশ্চিতে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত টাস্কফোর্স কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
হাবীব বাণিজ্য বিতানের স্বত্বাধিকারী জনাব মামুন হোসেন বলেন, বাজেট স্বল্পতার কারণে দীর্ঘ এক বছর ধরে কোনো বিল পরিশোধ না পেলেও আমরা রেলওয়ের নির্দেশনা মেনে যাত্রীসেবা প্রদান অব্যাহত রেখেছি। মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নেও আমরা অঙ্গীকারবদ্ধ।
বলাকা ইন্টারন্যাশনালের মালিক প্রতিনিধি জনাব মতিন বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে আমরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাব।
সভায় রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রুপম আনোয়ার, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন, সিসিএম মাহবুবুর রহমান, পশ্চিমাঞ্চলের সিসিএম সুজিত কুমার বিশ্বাসসহ অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চার বিভাগের বাণিজ্যিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বেসরকারিভাবে রেলওয়ের যাত্রীসেবা প্রদানকারী অনবোর্ড ও ক্যাটারিং সার্ভিস পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

