এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ১৩ ঘণ্টা পর ফেরত দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ১৩ ঘণ্টা পর ফেরত দিল দুর্বৃত্তরা

কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশন এলাকা থেকে অপহৃত এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়ামকে ১৩ ঘণ্টা পর ফেরত দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে তাকে লাকসাম পৌর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। বর্তমানে ওই শিক্ষার্থী পুলিশ হেফাজতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, লালমাই উপজেলার সমেশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও লালমাই সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়াম বুধবার (১ জুলাই) মাগরিবের নামাজ পড়তে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় যান। সেখান থেকে একদল যুবক তাকে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর সিয়ামের বাবা খোরশেদ আলম লাকসাম থানায় অভিযোগ জানালে ওসি কামরুন নাহার লাইলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পুলিশের তৎপরতা টের পেয়ে বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা সিয়ামকে লাকসাম পৌর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সিয়ামের মা আয়েশা আক্তার জানান, তার ছেলেকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে তাকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন নাহার লাইলী জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি অপহরণ নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যেন সে এইচএসসি পরীক্ষা না দিতে পারে এজন্যই এই অপহরণ করা হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...