লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিমকে অ্যাডভোকেট ওমর ফারুক তুষার কর্তৃক লিগ্যাল নোটিশ পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার রাত ৮টায় রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অ্যাডভোকেট তুষারের বিরুদ্ধে স্লোগান দেন। নেতাকর্মীদের দাবি, উক্ত আইনজীবী মাদকসেবীদের পক্ষে আইনি সহায়তা প্রদান করেন এবং এ ধরনের আইনজীবীদের ভূমিকার কারণে আজ যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।
সংবাদ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রামগঞ্জের কচুয়া আহমদীয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সে সময় তিনি মন্তব্য করে বলেন, কিছু আইনজীবী রাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন পরদিন দু-একটা মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর মামলা পান, যাতে করে পরিবার-পরিজনের জন্য ভালো কেনাকাটা করা যায়।
তার এই বক্তব্যের পর আইনজীবীদের মানহানি হয়েছে দাবি করে ১ অক্টোবর অ্যাডভোকেট ওমর ফারুক তুষার সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে আগামী ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠায়।
সংসদ সদস্যকে এই আইনি নোটিশ পাঠানোর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদল এ মশাল মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

