পরীক্ষা ব্যবস্থায় কোনো প্রকার অসাদুপায় অবলম্বন ও জালিয়াতির সুযোগ থাকলে একটি জাতি আপনা-আপনি ধ্বংস হয়ে যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেন, জিপিএ-৫ পাওয়াটা আসল বিষয় নয়, শিক্ষার্থীদের সৎ ও যোগ্য হিসেবে গড়ে তোলাই আসল বিষয়। বিগত ১৭ বছরের অন্ধকার সময়ে পাসের হার বাড়ানো ও জিপিএ-৫ দেখানোর নামে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বের হয়ে এসে মেধা ও সততার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের চেষ্টা চলছে।
শনিবার মিরসরাই জেলা পরিষদ অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরসরাই উপজেলা ছাত্রদল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বক্তার বক্তব্যে আবিদুল ইসলাম খান দক্ষিণ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ের উক্তি উল্লেখ করে বলেন, কোনো জাতিকে ধ্বংস করতে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, পরীক্ষা ব্যবস্থায় প্রতারণার সুযোগ দেওয়াই যথেষ্ট। সেই গলদযুক্ত পরীক্ষার মাধ্যমে যে ডাক্তার, প্রকৌশলী কিংবা আইনজীবী বের হবে, তাদের হাতে দেশ ও রাষ্ট্র ধ্বংস হবে। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অহংকার না করে বাবা-মা ও শিক্ষকদের আদর্শ মেনে সত্যিকারের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে যুবসমাজ ও শিক্ষার্থীদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সকাল ১০টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম তৌহিদ এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল।
মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্য সচিব নাঈম সরকারের যৌথ সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক পরিষদ মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু সুভাষ সরকার। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাজরিয়ান জামান ভূঁইয়া ও সাইফা ইসলাম প্রমুখ।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

