চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত।
সোমবার সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত অভিযোগ আমলে নেয়। আগামীকাল এ অভিযোগের চার্জ গঠন করা হবে।
সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আসামির পক্ষে আদালত রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেন। অভিযোগ আমলে নেওয়ার পর আগামীকাল চার্জ গঠনের দিন ধার্য করে আদালত।
এর আগে গত বৃহস্পতিবার বাকলিয়া থানার পুলিশ মামলার চার্জশিট আদালতে দাখিল করে। ঘটনার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত সম্পন্ন করা হয়। চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে মনির হোসেনকে আসামি করা হয়েছে। তিনি স্থানীয় একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
কোর্টের এসিপ্রসিকিউশন আরিফ ইকবাল জানান, বাকলিয়া থানার পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে মামলার চার্জশিট আদালতে জমা দেয়। সোমবার আদালত চার্জশিটটি আমলে নিয়েছে। আগামীকাল চার্জ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
২১ মে বাকলিয়ায় ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘেরাও করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পরে শিশুটির বাবার করা মামলায় আসামি ও ভুক্তভোগীর জবানবন্দি এবং ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

