ফেনীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ইসলাম (৪২) ও তার মা ফাতেমাতুজ জোহরা (৬২) জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় সিগনাল অমান্য করে পারাপার করতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যানজটে আটকে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিন অটোরিকশা আরোহীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তার মাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নিহত ফাতেমাতুজ জোহরার আরেক ছেলে রিয়াজুল ইসলাম বলেন, বড় ভাই হাফিজুল ইসলাম ফেনী থেকে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আকস্মিক এ দুর্ঘটনায় তাদের পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, নিহত হাফিজুল ইসলামের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নেয়ার পর তার মাও মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

