রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ ও জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)

রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সেই সুযোগে দূর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে। মেঝেতে তাদের রক্ত ছড়িয়ে ছিল। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন