সাজাপ্রাপ্ত আসামি আটককালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

সাজাপ্রাপ্ত আসামি আটককালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ও চুরিসহ ছয়টি মামলার আসামি এবং এক বছরের সাজাপ্রাপ্ত ফারুক হোসেনকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দু’পুলিশ কর্মকর্তা।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত পুলিশ কর্মকর্তারা হলেন ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন ও আহাল উল্যাহ।

পরে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ফারুক হোসেনসহ চারজনকে আটক করে রোববার আদালতে পাঠিয়েছে। আটকরা হলেন মো. ফারুক হোসেন (৩৫), মানুরি গ্রামের আবুল কাশেমের ছেলে ও চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি তার স্ত্রী কুলসুমা বেগম বৃষ্টি (২৮) ফারুকের ভাই হাসান মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম (৩৩) স্বজন মোবারক হোসেনের মেয়ে তানিয়া আক্তার (২২)।

এ ঘটনায় এএসআই দেলোয়ার হোসেন পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফারুক হোসেনকে তার বাড়ি থেকে আটক করে হাতকড়া পরায়। এ সময় ফারুকের স্বজন ও স্থানীয় একটি চক্র পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় ফারুক পালিয়ে যায়। এতে দু’এএসআই আহত হন।

পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ ফারুকসহ আরো তিনজনকে আটক করতে সক্ষম হয়।

ঘটনা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি ফারুক হোসেনকে আটক করতে গিয়ে আমাদের দু’কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়েছেন। আটকদের রোববার (২৪ আগস্ট) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...