৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

অবকাঠামোগত সংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, সীমিত সরকারি বরাদ্দ এবং রোগীর অতিরিক্ত চাপের মধ্য দিয়েই চলছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রম। প্রায় ৭০ বছর পুরোনো জরাজীর্ণ ভবনের বিভিন্ন ওয়ার্ডে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চিকিৎসাসেবা নিচ্ছেন শত শত রোগী। দীর্ঘদিনের এই সংকটময় বাস্তবতা সরেজমিনে দেখতে বুধবার সকালে হাসপাতালটি পরিদর্শন করেন মোছাম্মৎ শামসুন্নাহার।

সকাল সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। পরে সংসদ সদস্য হাসপাতালের পুরোনো ভবন, জরুরি বিভাগ, নারী ও পুরুষ ওয়ার্ড, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে হাসপাতালের অবকাঠামোগত দুর্বলতা, শয্যার তুলনায় অতিরিক্ত রোগীর চাপ, চিকিৎসক ও নার্সের স্বল্পতা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং পুরোনো ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন আমার দেশকে বলেন, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি প্রায় ৭০ বছরের। ভবনের অনেক ওয়ার্ড এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও সেই অনুপাতে জনবল ও সরকারি বরাদ্দ বাড়েনি। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন এবং রোগীদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ও চিকিৎসকদের আন্তরিক সেবার বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় সংসদ সদস্য মোছাম্মৎ শামসুন্নাহার বলেন, আমি এলাকার মেয়ে হিসেবে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছি। এখানকার মানুষ যেন উন্নত ও মানবিক চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সীতাকুণ্ডের জনগণের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ একজন ভালো মানুষ। ভবিষ্যতে তাকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রয়োজনীয় সমস্যা ও উন্নয়ন বিষয়গুলো সমাধানে কাজ করবো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে উপজেলা জামায়াত সেক্রেটারি আবু তাহের, মিডিয়া বিষয়ক সম্পাদক আবুল হোসাইন, পৌর আমির হাফেজ আলী আকবর, পৌর জামায়াত সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, সংসদ সদস্য মোছাম্মৎ শামসুন্নাহারের বাবার বাড়ি সীতাকুণ্ডে হলেও তার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী মিরসরাই উপজেলা। তিনি মিরসরাই এলাকা থেকে জামায়াত মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...