চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের ওপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাশরুর ওয়াসিফ রায়ান (৯) মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ের দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়া চেষ্টার একপর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের ওপর পড়লে তার পেটে রড ঢুকে যায়।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ নামে একটা শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার পেটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোনো হার্ডবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত বলেন, জরুরি বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

