সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনও হয়নি: তাহের

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনও হয়নি: তাহের

বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনও হয়নি। জামায়াতে ইসলামী ও সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে রয়েছে।”

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন আমরা করছি। আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। পাশাপাশি জাতীয় সংসদেও জনগণের দাবি আদায়ের চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “মানুষের দাবি আদায় বা সরকারের ভুলগুলো তুলে ধরার জন্য যতটুকু চাপ সৃষ্টি করা প্রয়োজন, আমরা সেটাই করছি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনসহ অনেকে।

এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে সকালে চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন ডা. তাহের। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক প্রতিরোধে সবাইকে একযোগে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন