বাঁশখালীতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ডেঙ্গুরোগীর মৃত্যু


বাঁশখালীতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ডেঙ্গুরোগীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় রিটা সোলতানা (২০) নামের এক ডেঙ্গুরোগী গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে আসায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে রোববার জরুরি বৈঠক হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিহতের স্বজনরা জানান, অভ্যারখীল এলাকার গৃহবধূ রিটা সোলতানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক (কোয়াক) ডা. জমির উদ্দিনের কাছে নেওয়া হয়। তিনি ডেঙ্গু জ্বরের চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দেন। সঠিক চিকিৎসা না পাওয়ায় এবং সময়ক্ষেপণের কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে জলদী আধুনিক হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, কথিত ডা. জমিরের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে পল্লী চিকিৎসক জমির উদ্দিন ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সে ডেঙ্গু রোগের পরীক্ষা করায়নি, আমি তাকে স্বাভাবিক রোগের চিকিৎসা দিয়েছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূ তীব্র জ্বর ও শারীরিক জটিলতায় ভুগছিলেন। জমির নামের ভূয়া হাতুড়ে ডাক্তার চিকিৎসার নামে অপচিকিৎসা করে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন।

এ বিষয়ে ভুয়া হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কা চক্রবর্তী বলেন, ‘বৈলছড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ মাসের এক দুগ্ধপোষ্য শিশুর মায়ের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ধরনের জটিল রোগের চিকিৎসা শুধুমাত্র এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারাই সম্ভব। একজন সাধারণ বা প্রান্তিক পর্যায়ের হাতুড়ে চিকিৎসকের পক্ষে ডেঙ্গুর মতো জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা করা সম্পূর্ণ অসম্ভব এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...