কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন দফায় আটক ১২৯৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন দফায় আটক ১২৯৪

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তিন দফার অভিযানে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার সন্দেহে মোট ১ হাজার ২৯৪ জনকে আটক করেছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়েছে। শনিবারের অভিযানে আটক করা হয় ৪১৫ জনকে।

এর আগে গত বুধবারের অভিযানে ৬২৪ জন এবং শনিবারের আরেক দফায় ২৫৪ জনকে আটক করা হয়েছিল। সব মিলিয়ে তিন দফায় কিশোর গ্যাংয়ে জড়িত থাকার সন্দেহে ১ হাজার ২৯৪ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ বা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে না, তাদের যাচাই শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। আর অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকে স্বাগত জানিয়েছেন কুমিল্লা নগরীর একাধিক বাসিন্দা। তারা বলেন, টানা কয়েক দিনের অভিযানের কারণে নগরীতে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন। অন্তত সপ্তাহে একবার অভিযান পরিচালনা করা হলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে বলে মনে করেন তারা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন