হেল্পারের হাতে স্টিয়ারিং, জীবিকার সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন ৭ শ্রমিক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

হেল্পারের হাতে স্টিয়ারিং, জীবিকার সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন ৭ শ্রমিক
কুমিল্লার দাউদকান্দি এলাকায় চালবোঝাই একটি ট্রাক উল্টে ৭ জন নিহত হয়। ছবি: আমার দেশ

কাজের সন্ধানে ঘর ছেড়েছিলেন তারা। দিনাজপুর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাচ্ছিলেন কুমিল্লা ও ফেনীর দিকে। কিন্তু সেই যাত্রাপথই হয়ে উঠল তাদের জীবনের শেষ পথ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। চালবোঝাই একটি ট্রাক, যার গন্তব্য ছিল কুমিল্লা ও ফেনী, দাউদকান্দির হাসানপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটির ওপর বসে থাকা ১৩ জন শ্রমজীবী মানুষ মুহূর্তেই ছিটকে পড়ে যান। কেউ চাপা পড়েন ট্রাকের নিচে, কেউ ছিটকে পড়েন সড়কের পাশে। অন্ধকার রাতেই থেমে যায় সাতটি প্রাণ।

বিজ্ঞাপন

আহতদের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন হেল্পার। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা এ অভিযোগ করেন। আহত যাত্রী জাহাঙ্গীর জানান, মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে মূল চালক হেল্পারের হাতে স্টিয়ারিং তুলে দেন। এরপরই দাউদকান্দিতে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।

আরেক আহত হানিফের কণ্ঠে এখনো আতঙ্কের ছাপ। তিনি বলেন, ‘আমরা সবাই ট্রাকের ওপরে ছিলাম। কখন কীভাবে নিচে পড়ে গেলাম, বুঝতেই পারিনি। সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে রওনা হয়েছিলাম। এখন হাসপাতালে পড়ে আছি, আমার হাত ভেঙে গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরের দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা যাত্রীরা চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি উল্টে যায়। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন