সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক প্রবাসী সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল আলম। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছার পর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

জানা গেছে, বাংলাদেশ সময় শনিবার ভোর রাতে সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

নিহত নুরুল আলম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলতাজ আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা যায়।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, জীবিকার তাগিদে বহু বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নুরুল আলম। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন। দুর্ঘটনার দিন তিনি সড়ক পথে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটলে তিনি প্রাণ হারান।

নিহতের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়দের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

নিহতের ভাই জানে আলম জানান, “ভাইয়ের লাশ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।”

এদিকে নুরুল আলমের অকাল মৃত্যুতে এলাকায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রবাসী সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...