মাঠে নামলে পালানোর জায়গা পাবেন না: নাসিরুদ্দিন পাটোয়ারী

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

মাঠে নামলে পালানোর জায়গা পাবেন না: নাসিরুদ্দিন পাটোয়ারী

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে তরুণদের জয়জয়কার। কেউ আমাদের ঠেকাতে পারবে না। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। কোনো মাফিয়াতন্ত্র বাংলাদেশে চলবে না। বাংলাদেশে কোনো পরিবারতন্ত্রের স্থান হবে না। দেশে কোনো মাসল পাওয়ারের খেলা হবে না। কোনো সন্ত্রাসের জায়গা হবে না।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে নিজ মেহের মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কোনো নির্বাচনি শোডাউনে বিশ্বাসী নই। বাংলাদেশে আপকামিং নির্বাচনে তরুণরা ৫ আগস্টের মতো দুরন্ত নতুন টেকনিক ব্যবহার করবে। এতে ৫৩ বছরের রাজনৈতিক বন্দোবস্ত পরাজিত হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী আরো বলেন, ‘শেখ হাসিনাকে বিদায় করার পর আগামীতে যে ব্যালট বিপ্লব হবে, সেখানে তরুণদের জয়জয়কার হবে। যদি বিশ্বাস না হয়, একাত্তরের আগের ও পরের নির্বাচনের ডাটাগুলো দেখবেন। আমরা এবারের নির্বাচনে মসজিদের ইমামকে প্রার্থী দিবো, স্কুলের সম্মানিত শিক্ষকদের প্রার্থী দিবো, এবারের নির্বাচনে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সামান্য টাকার অভাবে যারা প্রার্থী হতে পারেননি, আমরা তাদের প্রার্থী দিবো। আমরা এ নির্বাচনের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিকের সূচনা করবো।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এখন রাস্তায় রাস্তায় মহড়া দিচ্ছেন, বিভাজনের রাজনীতি করছেন, তাদের বলতে চাই, আমরা মাঠে নামলে হাসিনার মতো পালানোর সুযোগ পাবেন না।

সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন, গণতান্ত্রিক নাগরিক পার্টির হাজীগঞ্জ প্রতিনিধি রিয়াদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহরাস্তি প্রতিনিধি আবু সুফিয়ান, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, জাতীয় নাগরিক কমিটির হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও মাহবুব আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...