নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো একই ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো.ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই দুই পরিবারের নারী সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। তখন শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে পুকুরে জাল ফেলে তাদের লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

