আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আরেক আসামি গ্রেপ্তার হয়েছে। তার নাম জীবন মাহমুদ ডাবলু। তিনি কুষ্টিয়ার আদালত চত্বরে হামলার ঘটনায় দায়ের মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শহরের কোটপাড়া এলাকার কাওসার মোল্লার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুম হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন মাহমুদুর রহমান। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের দায়ের করা মানহানির মামলায় জামিন পান তিনি। কিন্তু আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। অবরুদ্ধ করে রাখে দিনভর। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হন আমার দেশ সম্পাদক।
ঘটনার ছয় বছর পর গত ১০ অক্টোবর মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান বাদী হয়ে ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরো ২০-৩০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
জানা গেছে, ডাবলু স্থানীয় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। এক সময়ের এই গাড়িচালক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করে আঙুল ফুলে কলাগাছ হন। তার বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, নারী দিয়ে দেহব্যবসা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতানোর বহু অভিযোগ রয়েছে। একবার তাকে অস্ত্রসহ গ্রেপ্তারও করেছিল পুলিশ। ঘটনার দিন ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভে সমাবেশ করে এবং অবরুদ্ধ রেখে হামলার ক্ষেত্র তৈরি করেন তিনি।
পুলিশ সূত্র জানায়, রোববার কুষ্টিয়ার আদালতে তোলা হবে সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে। এর আগে তাকে ড. মাহমুদুর রহমানের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তিনিও এজাহারভুক্ত আসামি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

